কোম্পানীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন
দাখিল পরীক্ষার্থীদের উত্যক্ত ও তাদের উপর হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানবন্ধন করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (১৮ মে) সকাল ১১টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ধলাই সেতুর সামনে সড়ক অবরোধ করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঘন্টাখানেক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মানববন্ধনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।
জানা গেছে, ১২ ও ১৪ মে কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে কাঁঠালবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসার ছাত্র ও বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ইভটিজিং ও হামলার শিকার হয় শিক্ষার্থীরা। একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এজন্য বাধ্য হয়ে মানববন্ধন করেছে তারা।
সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পাড়ুয়া নোয়াগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান, পরিচালনা কমিটির সদস্য আলা উদ্দিন, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সহকারী শিক্ষক নাসির উদ্দিন, সিদ্দিকুর রহমান, সাবেক শিক্ষার্থী শফি সাইদ নাইম, আব্দুল জলিল, জুলাই যোদ্ধা রোহান আহমদ, দাখিল পরীক্ষার্থী নাজমুল ইসলাম শুয়াইব, জাহিদ হাসান প্রমুখ।