গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরাসহ নৌকা জব্দ
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরাসহ একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) ভোর সোয়া ৫ টায় উপজেলার সদর ইউনিয়নে গোয়াইন গ্রামের গোয়াইন নদীতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই মো. মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইন এলাকায় গোয়াইন নদীতে ভারতীয় জিরা বোঝাই একটি নৌকাকে ধাওয়া করে পুলিশ। এসময় নৌকায় থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে উঠে পালিয়ে যায়।
পুলিশ নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে। বস্তা প্রতি ৩০ কেজি করে মোট ৯৩০ কেজি জিরা ছিল। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা। অভিযানে জিরা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ভারতীয় জিরাসহ একটি ইঞ্জিন চালিত কাঠের বারকি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক ৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের আইনগত কার্যক্রম অব্যাহত আছে।