রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
 রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬

চিকনাগুলে উন্নয়নের নতুন স্বপ্ন, চেয়ারম্যান পদে শাহজাহান আলোচনায়

তরুণদের কর্মসংস্থান ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে ব্যাপক গণসংযোগ
আইকন
স্টার সিলেট
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
চিকনাগুলে উন্নয়নের নতুন স্বপ্ন, চেয়ারম্যান পদে শাহজাহান আলোচনায়

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবী ও রাজনীতিবিদ মো. শাহজাহান। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ইউনিয়নবাসীর ভাগ্যোন্নয়ন এবং একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


মো. শাহজাহান জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশায় তিনি উপজেলা ও জেলা পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সঙ্গে ইউনিয়নের তৃণমূল নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বি, ছাত্র ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ অব্যাহত রেখেছেন।


স্থানীয় নেতাকর্মী ও তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও শাহজাহানের রয়েছে নিবিড় যোগাযোগ। দলের বিভিন্ন প্রতিকূল সময়ে তিনি মাঠে থেকে নেতাকর্মীদের সংগঠিত করেছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। এ কারণে তৃণমূলের অনেক নেতাকর্মী তাঁকে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী বলে জানিয়েছেন তাঁর সমর্থকরা।


চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. শাহজাহান বলেন, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে থেকে কাজ করে আসছেন। দল তাঁকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী।


তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী, দল আমাকে মূল্যায়ন করবে। দল আমাকে মূল্যায়ন করলে ইউনিয়নবাসী ও দেশের কল্যাণে নিজেকে উজাড় করে দেব। ইউনিয়নের উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করব। অবহেলিত ও পিছিয়ে পড়া ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”


শাহজাহান আরও বলেন, চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন। ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রস্তাবনা সংশ্লিষ্ট পর্যায়ে পাঠানো হয়েছে। ভবিষ্যতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে তাঁর।


তাঁর মতে, উন্নয়ন থেকে পিছিয়ে থাকা চিকনাগুল ইউনিয়নকে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে একটি জনবান্ধব, স্বচ্ছ ও আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান তিনি।


শাহজাহান বলেন, “ইনশাআল্লাহ, আমরা উন্নয়নবঞ্চিত থাকব না। মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে চিকনাগুল ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”


এদিকে শাহজাহানের সম্ভাব্য প্রার্থিতা ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয়ভাবে তাঁকে মূল্যায়নের প্রত্যাশায় নেতাকর্মী ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছেন শাহজাহান। তাঁর সমর্থকদের প্রত্যাশা, দলীয় মূল্যায়ন পেলে আসন্ন নির্বাচনে তিনি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিকনাগুল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে তরুণ নেতৃত্ব, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবা বৃদ্ধি এবং স্মার্ট ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে মো. শাহজাহানের গণসংযোগ ও রাজনৈতিক তৎপরতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।