বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
 বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬

ভোলাগঞ্জ বাঙ্কারে পাথর তুলতে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

আইকন
নিজস্ব প্রতিবেদক:
১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ভোলাগঞ্জ বাঙ্কারে পাথর তুলতে গিয়ে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

বিরামহীন লুটপাটে ধ্বংসপ্রায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার খুঁড়ে পাথর উত্তোলন করতে গিয়ে বালু ধসে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। 


সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম ফয়জুর রহমান (২৮)। সে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরান মেঘারগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাঝেমধ্যে বিভিন্ন জনের সাথে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যায় ফয়জুর। সোমবার বিকেলেও সে কয়েকজনের সাথে সেখানে গর্ত খুঁড়ে পাথর উত্তোলন করতে যায়। হঠাৎ সন্ধ্যার পর কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে সেখানে আটকা পড়ে তাঁরা।


রাত ৮টার দিকে ঝড় থামলে গর্ত থেকে আবারও পাথর উত্তোলন শুরু করে। একপর্যায়ে গর্তের বালু ধসে চাপা পড়ে ফয়জুর। কিছুক্ষণ পর তার সাথে থাকা লোকজন বালু সরিয়ে তাঁকে বালুর নিচ থেকে উদ্ধার করে‌। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী দয়ার বাজারে নিয়ে তাঁকে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান। তিনি জানান, বাঙ্কার থেকে পাথর তুলতে গিয়ে বালু ধসে ফয়জুর রহমান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।