মঙ্গলবার , ১২ মে ২০২৬
 মঙ্গলবার , ১২ মে ২০২৬

ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব : বাণিজ্যমন্ত্রী

আইকন
স্টার সিলেট ডেস্ক:
২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব : বাণিজ্যমন্ত্রী


রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়িয়ে দেশের সামগ্রিক বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার- এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


মন্ত্রী বলেন, গত চার থেকে পাঁচ মাসে দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন, রপ্তানি ঝুড়ি (এক্সপোর্ট বাসকেট) সম্প্রসারণ এবং নতুন পণ্যে বৈচিত্র্য আনা এখন সময়ের বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান তিনি।


পণ্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে মূল্য বৃদ্ধি নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই।


নিজের নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, তাঁর মূল অঙ্গীকার ছিল সিলেটকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান বাড়াতে হলে বিনিয়োগের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে সিলেটে দেশীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে কিছু বিশেষ নীতিগত সহায়তার প্রয়োজন রয়েছে। এ বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


আগামী পাঁচ বছরে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সিলেটের মানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।


দেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পরিকল্পিত উদ্যোগ ও আন্তরিক প্রয়াস নিয়ে আগামী পাঁচ বছর কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।


মন্ত্রী হওয়ার পর শুক্রবার সকালে প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন সিলেট-১ আসনের এই সংসদ সদস্য।