শনিবার , ০৩ অক্টোবর ২০২৬
 শনিবার , ০৩ অক্টোবর ২০২৬

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

আইকন
স্টার সিলেট ডেস্ক
০২ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সংবাদপত্রের পথিকৃৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 


লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৯ বছর।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান বার্তা সম্পাদক জাহিদুল কবির আগামীর সময়কে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।


পরিবার সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তার। বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


তার মরদেহ কবে দেশে আনা হবে তা এখনো ঠিক হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে পরিবারের তরফে তা জানিয়ে দেওয়া হবে।


তৌফিক ইমরোজ খালিদী ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে বিএ (সম্মান) এবং এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি সাহিত্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


কর্মজীবনে অনলাইন, প্রিন্ট, টেলিভিশনসহ সব ধরনের সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেছেন তৌফিক ইমরোজ খালিদী। লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও কাজ করেছেন। পরে দেশে ফিরে ২০০৬ সালে বিডিনিউজ২৪ ডটকম চালু করেন তিনি।