শনিবার , ২৭ জুন ২০২৬
 শনিবার , ২৭ জুন ২০২৬

জিয়া পরিবারের কারণে আজও বেঁচে আছি: হুমাম কাদের

আইকন
স্টার সিলেট ডেস্ক:
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
জিয়া পরিবারের কারণে আজও বেঁচে আছি: হুমাম কাদের

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই তিনি আজ বেঁচে আছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন আর জীবিত নেই, তবে মানুষ এখনো তাঁকে স্মরণ করে এবং তাঁর জন্য দোয়া করে।


সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ফয়জুল কাদের চৌধুরী।


সমাবেশে হুমাম কাদের চৌধুরী বলেন, তাঁর স্বপ্ন ছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার, কিন্তু তা পূরণ হয়নি। সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে রাঙ্গুনিয়া ধানের শীষের ঘাঁটি বলে তিনি মন্তব্য করেন। আগামী ১২ তারিখের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, অতীতে অনেক নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি নিজেও গুমের শিকার হয়ে সাত মাস “আয়না ঘরে” ছিলেন। নতুন বাস্তবতায় মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


সমাবেশে তিনি রাঙ্গুনিয়ার উন্নয়ন, অবৈধ বালু উত্তোলন ও মাদক ব্যবসা বন্ধে সবার সহযোগিতা কামনা করেন। ফ্যামেলি কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তিনি নিজেই এ কার্যক্রম তদারকি করবেন।


সমাবেশে বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলসহ নেতা-কর্মীরা যোগ দেন। নির্ধারিত সময়ের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে হুমাম কাদের চৌধুরী মঞ্চে এলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও মঞ্চে উপস্থিত ছিলেন।