শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
 শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬

মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, প্রায় ১১ ঘন্টা পর মুচলেকায় মুক্তি

আইকন
স্টার সিলেট প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, প্রায় ১১ ঘন্টা পর মুচলেকায় মুক্তি

সিলেটের কোম্পানীগঞ্জ থানায় আটকের প্রায় ১১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্টকারী যুবক জুবায়ের আহমদ (৩২)। আটকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মুচলেকা রেখে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরআগে একই দিন দুপুর ১টায় তাঁকে থানায় ডেকে আনা হয়েছিল। 


জানা গেছে, গেল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর ছবি দিয়ে একটি পোস্ট দেন উপজেলার কলাবাড়ি গ্রামের জুবায়ের আহমদ। ওই পোস্টে তিনি যে ছবি ব্যবহার করেছিলেন সেখানে মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন তার পুত্র ও পুত্রবধূ। 




জুবায়ের আহমদ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘১২ তারিখ নির্বাচনের পর ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিল। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদর আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।’


কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে জুবায়ের আহমদ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ ও মোবাইল চেক করা শেষে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল ও সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়ার জিম্মায় দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেই।


উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল বলেন, জুবায়ের থানায় আসবে বললে আমি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থানায় আসি। এরপর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় রাখে। জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই পুলিশ আবার আমাদেরকে ডেকে তাঁকে আমাদের জিম্মায় হস্তান্তর করে।