শুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
 শুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬

আলীরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় মুমিনুর রশীদ মুমিন, সারিঘাটে জনতার সঙ্গে মতবিনিময়

আইকন
স্টার সিলেট
২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
আলীরগাঁওয়ে চেয়ারম্যান পদে আলোচনায় মুমিনুর রশীদ মুমিন, সারিঘাটে জনতার সঙ্গে মতবিনিময়

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব ৫নং আলীরগাঁও ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন বর্তমান ইউপি সদস্য ও তরুণ সমাজসেবী মুমিনুর রশীদ মুমিন। এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সারিঘাট পুরাতন বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি হাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় নির্ধারিত সময়ের আগেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে উপস্থিত হন।

মতবিনিময় সভায় স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র ও যুবসমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড এবং ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় নিজের বক্তব্যে মুমিনুর রশীদ মুমিন বলেন, অতীতে এলাকাবাসীর ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে নিজের সামর্থ্য ও আন্তরিকতা দিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। গত পাঁচ বছরে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে জনসেবা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, “আপনারা আমার আপনজন। আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে অতীতের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে এসেছি। একটি উন্নয়নশীল, সুন্দর ও আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন চাই।”

সভায় উপস্থিত ব্যক্তিরা তাঁদের বক্তব্যে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিষয়ে বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সারিঘাট মাদ্রাসার সাবেক মুহতামিম হাফিজ শিব্বির আহমেদ দোয়া পরিচালনা করেন।