সিলেট সীমান্তে অপরাধ দমনে বিজিবির বহুমুখী অভিযান, চলতি বছরে আটক ৭২ আসামি
সিলেট:
সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে সীমান্ত পারাপার, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের পাশাপাশি নাইট ভিশন ডিভাইস এবং থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে এটিভি ও স্পিডবোটের মাধ্যমে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।
চলতি ২০২৬ সালে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৭২ জন আসামিসহ ১০টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং ১৭৮ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি। একই সময়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৫৭ জনকে প্রতিহত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সিলেট সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত সুরক্ষায় বিজিবির গৃহীত পদক্ষেপ, চলমান কার্যক্রম এবং চলতি বছরের উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে সিলেটের লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
বিজিবি জানায়, সিলেট সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সর্বদা সতর্ক, সজাগ ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করতে বিজিবি মহাপরিচালকের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সরাইল রিজিয়ন কমান্ডার ও সিলেট সেক্টর কমান্ডারের নির্দেশনা অনুসরণ করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন এবং সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
আধুনিক প্রযুক্তিনির্ভর সীমান্ত নজরদারির অংশ হিসেবে সিলেট সেক্টরের অধীন সব ইউনিটে সিসি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। পাশাপাশি দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় এটিভি এবং স্পিডবোটের সাহায্যে টহল পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকার জনগণের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। এর ফলে স্থানীয় জনগণের মধ্যে সীমান্ত নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানসহ সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দারা বিজিবিকে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন।
এ ছাড়া সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এককভাবে কাজ না করে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ কার্যক্রম অতীতেও অব্যাহত ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।