ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বদরবারে অনুকরণীয় করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই দেশকে মর্যাদার আসনে নিয়ে যেতে সরকার কাজ করে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, সময়ের নিয়মে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। তবে জীবনের সায়াহ্নেও তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে সম্মান জানাতে প্রতিবছর সশস্ত্র বাহিনী বিভাগ যে উদ্যোগ নেয়, তা প্রশংসনীয়। এ জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেক মানুষের আহত হওয়া ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতিও সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন সরকারপ্রধান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব। তাদের সংবর্ধিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায়িত্ব কিছুটা হলেও পালনের চেষ্টা করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক’ যে খেতাবেই ভূষিত হোন না কেন, তার চেয়েও বড় বিষয় হলো স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব।
‘একটি জাতির ইতিহাসে এমন গৌরব অর্জনের সুযোগ সবার জীবনে আসে না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ’, যোগ করেন সরকারপ্রধান।
অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই স্বাধীনতার সেই গৌরবের অংশীদার। তাদের প্রতি বীরোচিত অভিনন্দন জানান তিনি।
নিজের পারিবারিক পরিচয় তুলে ধরে তারেক রহমান বলছিলেন, তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব এবং সাফল্য তাঁকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।
মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।
তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন। তাঁর ভাষায়, এটি ছিল সময়োপযোগী সিদ্ধান্ত।
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমসহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী অংশ নেন। এ ছাড়া সাত বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়রাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে চা-চক্রেও অংশ নেন তিনি।
তিনি জানান, ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজিমসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।