নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান।
নিহত সাংবাদিকের নাম লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি ডিটেকটিভ আর্টিকেল নামে একটি ফেসবুক পেজ চালাতেন। তার গ্রামের বাড়ি কলমাকান্দার পোগলা এলাকার বাসিন্দা। তিনি দুর্গাপুর বিরিশিরি এলাকার শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত আটটার দিকে লুৎফুজ্জামান আলিফ উতরাইল বাজারে একটি দোকানে বসা ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই যুবক এসে তার উপর পরপর গুলি ছোড়ে। স্থানীয় লোকজন দূরে এলে ওই যুবকেরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্তলে মারা যান।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, ওই সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে রওনা দিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে রওনা হচ্ছি। জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।
এর আগে গত ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামান আলিফকে কুপিয়ে জখম করে। এ সময় তাঁর সঙ্গে থাকা তাঁর এক সহকর্মী বাধা দিতে গেলে তাঁকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়। তিনি মাদক চোরাচালান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখতেন।