সিলেটের নয়া জেলা প্রশাসক মু. রেজা হাসান
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মু. রেজা হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বর্তমান জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে মু. রেজা হাসান কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।
মো. সারওয়ার আলম ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী অভিযানের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শতাধিক অভিযান পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
সম্প্রতি, হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগের দানের টাকা নিয়ে বিতর্কের মুখে গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এবং তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট পিংকি সাহা।
সারওয়ার আলমকে দায়িত্ব থেকে সরানোর এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে মাজার বিতর্কের জন্য প্রত্যাহার করা হয়নি। এটা ছিলো নিয়মতান্ত্রিক কার্যক্রম।