সোমবার , ২৪ আগস্ট ২০২৬
 সোমবার , ২৪ আগস্ট ২০২৬

নৌযান শুমারি: ৪ দিনে তালিকাভুক্ত হল ২ লাখ ৪৪ হাজার নৌযান

আইকন
স্টার সিলেট ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নৌযান শুমারি: ৪ দিনে তালিকাভুক্ত হল ২ লাখ ৪৪ হাজার নৌযান

দেশে প্রথমবারের মতো শুরু হওয়া নৌযান শুমারিতে এখন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৮০৮টি নৌযান তালিকাভুক্ত হওয়ার তথ্য দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।


২০ অগাস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২৯ অগাস্ট পর্যন্ত চলবে।


নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এ শুমারি চালাচ্ছে।


রোববার রাতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহ এবং একটি সমন্বিত ডেটাবেজ প্রণয়নের লক্ষ্যে এ শুমারি করা হচ্ছে।


প্রকল্পের নাম ‘নৌযানের ডেটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’। এ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন এবং এর সুফল তুলে ধরতে রোববার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহীপুর থানা সংলগ্ন মৎস্য অবতরণকেন্দ্র ঘাটে সভা হয়।


সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি ওই অঞ্চলের জেলেদের নিরাপদে ঘাটে ফিরে আসা নিশ্চিত করতে সাগর ও নদীর মোহনায় একটি লাইটহাউজ স্থাপনের আশ্বাস দেন।


পাশপাশি নদীতে নৌযানের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন।


নৌযান নিবন্ধনের ফি কমানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “নৌযান শুমারি সম্পন্ন হলে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর, নৌনিরাপত্তা জোরদার, নৌপথ ব্যবস্থাপনার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া সহজ হবে।”


মাছ ধরার নিষিদ্ধ সময়ে নৌযান শুমারির তালিকায় নাম থাকলে জেলেরা সহজেই সরকারি সহায়তা পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।


এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী উপস্থিত ছিলেন।