বৃহস্পতিবার , ০৪ জুন ২০২৬
 বৃহস্পতিবার , ০৪ জুন ২০২৬

চীনের অর্থায়নে সিলেটে হবে হাজার শয্যার হাসপাতাল

কোম্পানীগঞ্জে স্থান পরিদর্শনে শ্রমমন্ত্রী ও চীনা প্রতিনিধি দল
আইকন
নিজস্ব প্রতিবেদক:
০৪ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
চীনের অর্থায়নে সিলেটে হবে হাজার শয্যার হাসপাতাল

দেশে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সিলেটে এক হাজার শয্যার একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চীন। এ লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ে সিলেটের কোম্পানীগঞ্জে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল।


বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট হাইটেক পার্ক, সাদাপাথরসহ কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে পরিদর্শন করেন চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং।


এসময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, হাসপাতাল নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ বিনিয়োগ করবে চীন। হাসপাতালটি হলে এ জনপদের মানুষ উপকৃত হবেন এবং স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে।


চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, ভৌগোলিক অবস্থান ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় সিলেটের হাসপাতালের প্রয়োজন। প্রাথমিক পর্যায়ের স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়ন নিয়ে আমরা আশাবাদী। প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।


এর আগে মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে হাসপাতালের সম্ভাব্য স্থান নির্বাচন, প্রকল্পের পরিধি এবং বিনিয়োগের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনায় একমত পোষণ করেন শ্রমমন্ত্রী ও চীনা বিনিয়োগকারী দল।