শনিবার , ০২ মে ২০২৬
 শনিবার , ০২ মে ২০২৬

সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আইকন
নিজস্ব প্রতিবেদক:
০২ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।


শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সুরমা নদী তীরে এ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।


উদ্বোধন শেষে প্রকল্প সম্পর্কে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন। এ সময় তারা মেগা এই প্রকল্পকে সিলেটের জন্য সবচেয়ে বড় প্রকল্প বলে উল্লেখ করেন।


তারা বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে ফ্লাশফ্ল্যাড থেকে নগর রক্ষাসহ সৌন্দর্য বেড়ে যাবে। প্রকল্পের মধ্যে রয়েছে সুরমার নদীর সিলেট নগর অংশের ১৭ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ ও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ। এতে ফ্লাশফ্ল্যাড থেকে নগর রক্ষা পাবে এবং নগরের সৌন্দর্য আরও বিকশিত হবে বলে জানান তারা।


এই প্রকল্পের অধীনে নগরের কয়েকটি ছড়ায় স্লুইস গেট নির্মাণ করা হবে। এতে করে নগরের জলাবদ্ধ পানি পাম্পের মাধ্যমে সেচে সুরমা নদীতে ফেলা হবে। এছাড়া নগরের সুরমা অংশের তলদেশ খনন করা হবে বলে জানিয়েছেন সিটি’র কর্মকর্তারা।


২০২২ সালে বন্যার পর এই প্রকল্পটি গ্রহণ করেছিলেন সাবেক মেয়র ও বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সরকার ও বিদেশি অর্থায়নে এ প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।