সুমনের ‘রইদ’ সিয়াটল চলচ্চিত্র উৎসবে
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। ‘হাওয়া’ ছবির সাফল্যের চার বছর পর তিনি ফিরছেন এই নতুন কাজ নিয়ে। ‘রইদ’–এর পোস্টার, ট্রেলার ও গান প্রকাশের পর থেকে যা ইতিমধ্যে দেশের দর্শকদের আগ্রহ তৈরি করেছে।
‘রইদ’ যুক্তরাষ্ট্রে প্রিমিয়ারের জন্য সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ক্রসরোডস বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। চলতি বছরে আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের সময় বিকেল সাড়ে পাঁচটায় ও ১৬ মে দুপুর আড়াইটায় দেখানো হবে উৎসবে।
২০২৫ সালের শেষ দিকে ‘রইদ’–এর ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে শুরু হয় আলোচনা। দর্শক ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা পায় ট্রেলারটি। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নেয় সিনেমাটি। এর আগে মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয় ‘রইদ’।
গল্পের দিক থেকে ‘রইদ’ নির্মিত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক সম্পর্ককে কেন্দ্র করে। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির মূল কাহিনি। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।
এদিকে দেশের প্রেক্ষাগৃহে আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘রইদ’।