বুধবার , ১২ আগস্ট ২০২৬
 বুধবার , ১২ আগস্ট ২০২৬

বাঁচতে চান কিডনি রোগে আক্রান্ত নারী সাংবাদিক নার্গিস

আইকন
মো. শফিকুল ইসলাম দুখু:
১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
বাঁচতে চান কিডনি রোগে আক্রান্ত নারী সাংবাদিক নার্গিস

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেলপাড়া ইউনিয়নের বাসিন্দা নারী সংবাদকর্মী ও ‘জুলাই যোদ্ধা’ নার্গিস আক্তার নিশা বর্তমানে কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। প্রয়োজনীয় অর্থের অভাবে তার চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ার বাসিন্দা মৃত মো. মন্তাজ উদ্দিন ও মৃত আঙ্গুরা বেগমের বিধবা কন্যা নার্গিস আক্তার নিশা।


জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই সাইনবোর্ড এলাকায় সংগঠিত এক সহিংস ঘটনার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকা বিভাগের (গ) ক্যাটাগরির ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত করা হয় (গেজেট নম্বর–১৪৭২)। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগার পর সম্প্রতি তার কিডনি রোগ ধরা পড়ে, যা বর্তমানে জটিল আকার ধারণ করেছে।


চিকিৎসার অংশ হিসেবে সর্বশেষ ২০২৫ সালের ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিনি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে বর্তমানে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। অসম্পূর্ণ চিকিৎসার কারণে তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছে। 


চলতি বছরের ২৯ মার্চ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, তিনি কিডনি জনিত জটিলতায় ভুগছেন। এর ফলে তার কোমর, মাথা, ঘাড় ও এক হাতে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। পাশাপাশি প্রস্রাবে সংক্রমণ ও রক্ত জমাট বাঁধার সমস্যাও দেখা দিয়েছে, যা অত্যন্ত কষ্টদায়ক।


ব্যক্তিগত জীবনেও তিনি চরম অসহায় অবস্থায় রয়েছেন। তার বাবা-মা ও স্বামী কেউই জীবিত নেই। একমাত্র ১১ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। ফলে শিশুটির ভবিষ্যৎও গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।


এমতাবস্থায় দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে তার চিকিৎসার জন্য জরুরি আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একজন মায়ের জীবন এবং রক্ষা করতে পারে একটি শিশুর ভবিষ্যৎ।


সহায়তা পাঠানোর নম্বর (বিকাশ): ০১৭২৮-০৬০৯২৭