শনিবার , ২৭ জুন ২০২৬
 শনিবার , ২৭ জুন ২০২৬
দুমকিতে সড়ক পরিবহণমন্ত্রী

পরিবহণে ১ টাকাও ভাড়া বেশি নেওয়া হয়নি বরং ২০-২৫ টাকা কম নিচ্ছে

আইকন
স্টার সিলেট ডেস্ক:
১৮ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
পরিবহণে ১ টাকাও ভাড়া বেশি নেওয়া হয়নি বরং ২০-২৫ টাকা কম নিচ্ছে

এবারের ঈদযাত্রার বিষয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের কোনো পরিবহণে ১শ টাকা নয় ১ টাকাও ভাড়া বেশি নেওয়া হয়নি। বরং আমি নিজে গিয়ে দেখেছি তারা আরও কোনো কোনো জায়গায় ২৫-৩০ টাকা কম নিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি। যারা এ অভিযোগ করেছেন- আপনারা বলেন কোন পরিবহণে কার কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


মঙ্গলবার বিকাল ৩টায় পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


এর আগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও পটুয়াখালীর দুমকি উপজেলার মধ্যবর্তী পাণ্ডব-পায়রা নদীর উপর নলুয়া বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মঙ্গলবার বিকাল ৩টায় দুমকিতে সেতুর ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, নির্মাণ কাজ সম্পন্ন হলে এ সেতু এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান ও শিল্পায়নের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে।


ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, সেতুটি নির্মিত হলে এ অঞ্চলের ২৫ লাখ মানুষ উপকৃত হবেন।


এ সময় উপস্থিত থেকে ভিস্তিপ্রস্তর স্থাপনে আরও অংশ নেন সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।


অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্প ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার একনেকে অনুমোদন দেয়। এর প্রায় ৫ বছর পর সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। আধুনিক ডিজাইন ও হেলথ মনিটরিং সিস্টেম সম্পন্ন ব্রিজটি তৈরি করতে ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি টাকা। ওপেক ফান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হতে যাওয়া সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন। দীর্ঘ দিনের প্রতীক্ষিত এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ায় ওই এলাকার জনসাধারণের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।