সিলেটে ছিনতাইয়ের কবলে বিএনপি নেতা নাসিম হুসাইন
সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় প্রকাশ্যে দিনের আলোতে প্রাইভেটকার থামিয়ে ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যক্তি সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন। তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান 'বিকাশ'-এর বিভাগীয় ডিস্ট্রিবিউটর হিসেবে কর্মরত।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের লেনদেনের টাকা দিতে একটি প্রাইভেটকার যোগে রওয়ানা দেন। গাড়িটি মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গতিরোধ করে।
ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা গাড়িতে থাকা ৫০ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে এই বিপুল পরিমাণ টাকা সাথে রাখা হয়েছিল বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘ব্যবসায়িক কাজে আমার অফিসের কর্মকর্তারা টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে এই টাকা ছিনতাই করা হয়েছে। এ বিষয়ে আমরা বিকেলেই মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দিনের বেলা এমন ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।