সিলেট বিভাগের পাথর/বালু মিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ে সভা ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
আগামী বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (ভবন-৮, কক্ষ নম্বর-২০৮) এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক নোটিশে এ সভা আহ্বান করা হয়।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সিসিক প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসককে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আগামী ৫-৮ মে জাতিসংঘ সদর দপ্তরে দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এজন্য তিনি নির্ধারিত সময়ে ভার্চুয়ালি সভায় যুক্ত হবেন বলে জানা গেছে।