শনিবার , ০৭ নভেম্বর ২০২৬
 শনিবার , ০৭ নভেম্বর ২০২৬

এমসি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আইকন
ডেস্ক রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
এমসি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।


কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। 


বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ তানভীর।


সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলাম। গীতা পাঠ করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নিক্সন দাস।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন। আন্তর্জাতিক চক্রান্ত, দেশীয় ষড়যন্ত্র ও আধিপত্যবাদের বিরুদ্ধে এ দিন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। তৎকালীন রাজনৈতিক অস্থিরতার মধ্যে তিনজন কর্নেলের তুলনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তা ও জনসমর্থন তাকে বিশেষ অবস্থানে নিয়ে যায়। ৭ নভেম্বর তাকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করার মধ্য দিয়ে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সূচনা হয় বলেও মন্তব্য করেন তিনি।


সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্ররাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।