শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
 শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬

মতিউর রহমান চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ

আইকন
স্টার সিলেট
২৭ আগস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
মতিউর রহমান চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ

জাহিদুল ইসলাম: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ) নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন উপমহাব্যবস্থাপক (ডিএলও) মতিউর রহমান চৌধুরী।


রোববার (২৩ আগস্ট) অনুষ্ঠিত নির্বাচনে তিনটি ভোটকেন্দ্রে মোট ৩৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মতিউর রহমান চৌধুরী ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবুল মনছুর চৌধুরী পান ১৫৪ ভোট। মাত্র ৩ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হন।


নির্বাচনে বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় মতিউর রহমান চৌধুরী বলেন, “মূল্যবান ভোট, ভালোবাসা ও আস্থার মাধ্যমে আমাকে বিজয়ী করার জন্য এসজিএফএলের সকল সহকর্মীর প্রতি হৃদয়ের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। এই বিজয় আমার ব্যক্তিগত বিজয় নয়; এটি আমাদের পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা, ঐক্য এবং সুন্দর আগামী গড়ার প্রত্যাশার বিজয়।”


তিনি বলেন, সহকর্মীরা তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তিনি সেটিকে কোনো পদ বা মর্যাদা হিসেবে নয়, বরং বড় দায়িত্ব, অঙ্গীকার এবং জবাবদিহিতার প্রতিশ্রুতি হিসেবে গ্রহণ করছেন। এসজিএফএলের প্রতিটি কর্মকর্তার কল্যাণ, মর্যাদা ও অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


মতিউর রহমান চৌধুরী আরও বলেন, “ওয়েলফেয়ার এসোসিয়েশন শুধু দাবি-দাওয়া উপস্থাপনের সংগঠন নয়; এটি সহকর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর একটি মানবিক প্ল্যাটফর্ম। ন্যায্য অধিকার ও যৌক্তিক প্রত্যাশার পক্ষে কথা বলার পাশাপাশি অফিসারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”


নবনির্বাচিত সভাপতি বলেন, নতুন কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, সকল কর্মকর্তার কল্যাণে কাজ করবে। সহকর্মীদের পরামর্শ, সমালোচনা, সহযোগিতা ও অংশগ্রহণকে কমিটির পথচলার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, “একটি কমিটি একা কখনো সফল হতে পারে না। সকলের অংশগ্রহণ, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব। আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”


সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডকে কর্মকর্তাদের পেশাগত জীবনের গর্ব ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে মতিউর রহমান চৌধুরী বলেন, কর্মকর্তাদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নয়ন, সুনাম ও অগ্রযাত্রায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।


নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার, নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং তাঁকে সমর্থন ও ভালোবাসা প্রদর্শনকারী সকল সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।


মতিউর রহমান চৌধুরী বলেন, “আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিদান দেওয়া সহজ নয়। তবে দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ নিষ্ঠার মাধ্যমে আপনাদের আস্থার মর্যাদা রক্ষার চেষ্টা করব। নির্বাচনে অংশগ্রহণকারী জয়ী-বিজয়ী সকলের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।”