শনিবার , ০৮ আগস্ট ২০২৬
 শনিবার , ০৮ আগস্ট ২০২৬

কোম্পানীগঞ্জে কালের কণ্ঠের সাংবাদিক কবিরের উপর হামলা

আইকন
নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে কালের কণ্ঠের সাংবাদিক কবিরের উপর হামলা

সিলেটের কোম্পানীগঞ্জে কালের কন্ঠ মাল্টিমিডিয়ার সিলেট অঞ্চলের ইনচার্জ কবির আহমদের উপর হামলার ঘটনা ঘটেছে।


শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরে ফেরার পথে ভোলাগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য সাংবাদিক কবির আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকজন সহকর্মীসহ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে যান কবির আহমদ। সেখান থেকে ফেরার পথে তাদের মাইক্রোবাসের সাথে কয়েকবার ধাক্কা দেয়ার উপক্রম করে একটি প্রাইভেট কার। এ সময় একটি সিএনজি অটোরিকশাকেও হাল্কা ধাক্কা দিয়ে তীব্র গতিতে এগিয়ে যায় কারটি।


এ সময় মাইক্রোবাসটি এগিয়ে গিয়ে কারের পাশে গিয়ে তাদেরকে মহাসড়কে এরকম অস্বাভাবিক গতিতে গাড়ি না চালানোর জন্য বলেন মাইক্রোবাসের চালক। তখন কারটি সামনে এগিয়ে গিয়ে রাস্তার উপরে থেমে গিয়ে মাইক্রোবাসের গতিরোধ করে।


কবিরের সহযাত্রীরা জানান, কার থেকে নেমে কয়েকজন যুবক প্রথমে মাইক্রোবাসের চালককের মারধর করেন। এ সময় বাঁধা দিতে এগিয়ে যান কবির। তখন তার উপরেও হামলা চালায়। এছাড়াও যুবকদের পরিচিত অনেকেই এগিয়ে এসে হামলা চালান। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।


কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ উছমান গনি এ তথ্য নিশ্চিত করে বলেন, টহল পুলিশ রাস্তার উপর জটলা দেখে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারে। তখন পরিস্থিতি স্বাভাবিক করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।