বুধবার , ১৫ জুলাই ২০২৬
 বুধবার , ১৫ জুলাই ২০২৬

কোম্পানীগঞ্জে ৯৪ হাজার ঘনফুট কালো পাথর জব্দ

আইকন
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে ৯৪ হাজার ঘনফুট কালো পাথর জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জে জালানি ও খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৪ হাজার ৩৯০ ঘনফুট কালো পাথর জব্দ করা হয়েছে। 


সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নে মাঝেরগাঁও, বনপুর, গুচ্ছগ্রাম ও বিজয়পাড়ুয়া এলাকার বিভিন্ন স্থান থেকে এসব কালো পাথর গুলো জব্দ করা হয়।


ডিএমডি সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত পাথরগুলো স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। 


জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পাথর জব্দ করা হলেও সংশ্লিষ্ট কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাভুক্ত হওয়ায় কোয়ারি থেকে অনুমতি ছাড়া কেউ যাতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে না পারে, সেটি নিশ্চিত করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।