সোমবার , ০৬ জুলাই ২০২৬
 সোমবার , ০৬ জুলাই ২০২৬

ভারতের বিপক্ষে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

আইকন
স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
ভারতের বিপক্ষে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

বড় লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম পাঁচ বলে এক রানে নেই দুই উইকেট! সেই ভীষণ চাপের মুখে ব্যাটিংয়ে নেমে কী দুর্দান্ত ইনিংসই না খেললেন জেকব বেথেল। তার বিস্ফোরক ব্যাটিংয়ে দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।


ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জয় ৪ উইকেটে।


ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার ২০ ওভারে ভারত করে ১৯০ রান। স্বাগতিকরা লক্ষ্য ছুঁয়ে ফেলে ছয় বল হাতে রেখে।


পাঁচটি করে চার ও ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলে ম্যান অব দা ম্যাচ বেথেল।


টি-টোয়েন্টিতে নিজের আগের ইনিংসটিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। গত মার্চে বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষেই রান তাড়ায় সাত ছক্কা ও আট চারে ৪৮ বলে করেছিলেন ১০৫। ওয়াংখেড়েতে সেদিন দলকে জেতাতে না পারলেও, এবার জয় সঙ্গে নিয়েই ফিরলেন ২২ বছর বয়সী ক্রিকেটার।


চেস্টার-লি-স্ট্রিটে সিরিজের প্রথম ম্যাচে ভারত ২০ ওভারে ১৮৯ রান করার পর বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। ফলে সেদিন রান তাড়ার সুযোগই পায়নি ইংল্যান্ড। এবার রান তাড়ায় জিতেই পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল হ্যারি ব্রুকের দল।


বেথেল দারুণ সহায়তা পান ব্রুক ও টম ব্যান্টনের থেকে। তার সঙ্গে পঞ্চাশ ছোঁয়া জুটির পথে ব্রুক ১৫ বলে করেন ১৯, ব্যান্টন ৩২ বলে ৩৯।


শেষ চার ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৯ রান। ১৭তম ওভারে লেগ স্পিনার রাভি বিষ্ণইকে বেথেলের তিনটি ছক্কা ও একটি চারে রান আসে মোট ২৯। ভারত ম্যাচ থেকে ছিটকে যায় সেখানেই।


২০২১ সালের পর এই প্রথম ফল হওয়া টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হারল ভারত। আয়ারল্যান্ডে দুই ম্যাচের সিরিজে অভাবনীয়ভাবে হোয়াইটওয়াশড হয়ে ইংল্যান্ডে আসে শ্রেয়াস আইয়ারের দল।


ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড নতুন করে লিখল ইংল্যান্ড। পেছনে পড়ে গেল ২০১২ সালে ওয়াংখেড়েতে ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় জয়।


প্রবল আলোচনা-সমালোচনার পর অবশেষে এ দিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিস্ময় বালক বৈভাব সুরিয়াভানশির। সাচিন টেন্ডুলকারের প্রায় ৩৭ বছর পুরোনো রেকর্ড ভেঙে ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার এখন ১৫ বছর বয়সী ব্যাটসম্যান।


বিধ্বংসী ব্যাটিংয়ে বছর দুয়েক ধরে ক্রিকেট বিশ্বে আলোচনায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান অবশ্য উপলক্ষটা ব্যাট হাতে রাঙাতে পারেননি। দুটি ছক্কায় ভালো কিছুর ইঙ্গিত দিলেও, উইল জ্যাকসের অফ স্পিনে স্টাম্পড হয়ে ফেরেন ১০ বলে ১৪ রান করে।


টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত উদ্বোধনী জুটিতে পায় ৫০ রান। ঝড়ো ব্যাটিংয়ে টানা দ্বিতীয় ফিফটির সম্ভাবনা জাগিয়ে ২৪ বলে ৪৩ রান করে বিদায় নেন আভিশেক শার্মা। আট চার ও এক ছক্কায় গড়া তার ইনিংসটি।


তৃতীয় উইকেটে ইশান কিষান ও অধিনায়ক শ্রেয়াসের ব্যাটে ইনিংস সর্বোচ্চ ৬৫ রানের জুটি পায় ভারত। ২২ বলে ৩৭ রান করে ফেরেন শ্রেয়াস।


তখন ১৩ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৩০। পরের কয়েক ওভারে কমে যায় রানের গতি। ১৫তম ওভারে আসে কেবল ছয়টি সিঙ্গল। পরের ওভারে আসে দুই রান, হারাতে হয় একটি উইকেটও। সাত বলে পাঁচ রান করে ফেরেন শিভাম দুবে।


শেষের আগের ওভারে হার্শিত রানার একটি ছক্কা এবং শেষ ওভারে তিলাক ভার্মার দুটি ছক্কা ও একটি চারে ১৯০ পর্যন্ত যেতে পারে ভারত। ১১ বলে ২৪ রানে অপরাজিত থাকেন তিলাক।


৩৩ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার স্যাম কারান।


রান তাড়ায় ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। আর্শদিপ সিংয়ের করা ইনিংসের প্রথম বলে কিপারের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ফিল সল্ট। পঞ্চম বলে শট মিডউইকেটে ক্যাচ দেন জস বাটলার। দুজনই ফেরেন শূন্য রানে।


জোড়া ধাক্কা সামলে ব্রুকের আগ্রাসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। তৃতীয় ওভারে আর্শদিপের টানা পাঁচ বলে দুটি চারের পর তিনটি ছক্কা হাঁকান ব্রুক, ওভারে আসে মোট ২৭ রান। পঞ্চম ওভারে অধিনায়কের বিদায়ে থামে ২৪ বলে ৫০ রানের জুটি।


বেথেল শুরুতে খেলছিলেন দেখেশুনে। একপর্যায়ে তার রান ছিল ১৭ বলে ১৭। ভারুন চক্রবর্তিকে ছক্কায় উড়িয়ে রানের গতিতে দম দেন তিনি। অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন ব্যান্টনও।


তাদের চতুর্থ উইকেট জুটিতে আসে ৫০ বলে ৬৭ রান। আর্শদিপের তৃতীয় শিকার হয়ে ফেরেন ব্যান্টন।


ছয় নম্বরে জ্যাকস ভালো করতে পারেননি। তবে বেথেল দলকে পথ হারাতে দেননি। ১৭তম ওভারে বিষ্ণইয়ের ওপর তাণ্ডব চালিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি, কারানের সঙ্গে গড়েন ১৬ বলে ৪৬ রানের জুটি।


শেষ দিকে কারান ফিরলেও জয় নিয়ে ভাবতে হয়নি ইংলিশদের। জফ্রা আর্চারকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন বেথেল।


আগামী মঙ্গলবার তৃতীয় ম্যাচ হবে ট্রেন্ট ব্রিজে।


সংক্ষিপ্ত স্কোর:


ভারত: ২০ ওভারে ১৯০/৭ (আভিশেক ৪৩, সুরিয়াভানশি ১৪, কিষান ৪৯, শ্রেয়াস ৩৭, দুবে ৫, তিলাক ২৪*, আকসার ২, হার্শিত ৬; আর্চার ৪-০-৪০-১, টাং ৪-০-৩৬-০, জ্যাকস ৩-০-২২-১, কারান ৪-০-৩৩-৩, ডসন ৩-০-২৭-১, রাশিদ ২-০-২১-০)


ইংল্যান্ড: ১৯ ওভারে ১৯১/৬ (সল্ট ০, বাটলার ০, ব্রুক ৩৯, বেথেল ৭৬*, ব্যান্টন ৩৯, জ্যাকস ৯, কারান ৭, আর্চার ১০*; আর্শদিপ ৪-০-৪০-৩, হার্শিত ৩-০-৩০-১, বিষ্ণই ৪-০-৬-০, আকসার ৪-০-২০-১, ভারুন ৪-০-৩৭-১)


ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: জেকব বেথেল