সোমবার , ২৯ জুন ২০২৬
 সোমবার , ২৯ জুন ২০২৬

কোম্পানীগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আইকন
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
কোম্পানীগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

লোড-আনলোড করার সময় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে ডিবি ও পুলিশ।


শনিবার ভোর ৪টায় সিলেটের কোম্পানীগঞ্জে নৌকা থেকে কাভার্ড ভ্যানে লোডকালে পণ্যসহ একজন শ্রমিককে আটক করা হয়েছে। 


আটককৃত ওই শ্রমিকের নাম রুবেল মিয়া (২৪)। সে জেলার গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার সেলিম মিয়ার ছেলে।


ডিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে অভিযান চালানো হয়। শনিবার ভোররাতে দুটি নৌকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা জিরা, মেহেদী ও চকলেট কাভার্ড ভ্যানে লোড করছিল। 


ডিবি ও পুলিশ ধাওয়া করলে দুটি নৌকায় থাকা চারজন, কাভার্ডভ্যানের চালক ও হেলপারসহ লোড-আনলোডের দায়িত্বে থাকা আরও ছয়জন শ্রমিক পালিয়ে যায়। এসময় কাভার্ড ভ্যানের ভেতর থাকা একজন শ্রমিককে আটক এবং বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে।


জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০ বস্তা জিরা, ৫০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২০০ কার্টুন মেহেদী এবং ৫ লাখ ৪৪ হাজার ৩২০ টাকা মূল্যের ৯ বস্তা চকলেট। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৪ হাজার ৩২০ টাকা।


এ ছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা এবং দুটি নৌকার মূল্য ধরা হয়েছে ২০ লাখ টাকা। সব মিলিয়ে মোট মূল্য ১ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৩২০ টাকা।


এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য, একটি কাভার্ড ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল ও আটক শ্রমিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।