শুক্রবার , ১৯ জুন ২০২৬
 শুক্রবার , ১৯ জুন ২০২৬

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র

আইকন
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্থায়ী চুক্তির পথে এগোতে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এ সমঝোতা স্মারকে সই করেন ট্রাম্প। পরে প্রাসাদ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা সই হয়েছে। আমি ভার্সাইয়ে মাত্রই এতে সই করেছি।’


ইরানের পক্ষ থেকেও বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির প্রেসিডেন্টের সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


বিশ্বের উন্নত দেশগুলোর জোট ‘জি-৭’ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ট্রাম্প ফ্রান্স সফরে রয়েছেন।


ট্রাম্পের সমঝোতা স্মারকে সই করার একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি পোস্টে লিখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সাইয়ে আজ রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।’


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ‘প্রেসিডেন্টের সই করার মধ্য দিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। এখন এ চুক্তির বাস্তবায়ন যাচাই করার সময় এসেছে।’


ইসমাইল বাঘাই জানান, সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে সই হয়েছে। অর্থাৎ দুই দেশের প্রেসিডেন্ট দূরবর্তী দুটি অবস্থান থেকে এ সমঝোতায় সই করেছেন। তিনি বলেন, এটি নিয়ে ইরানের কোনো আনুষ্ঠানিক কর্মসূচির পরিকল্পনা নেই।


এর আগে সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স্থানীয় সময় শুক্রবার দেশটির লুসার্ন হ্রদের পাহাড়ি এলাকায় একটি বিলাসবহুল হোটেলে চুক্তি সইয়ের অনুষ্ঠান হবে। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ উপস্থিত থাকবেন। তবে নির্ধারিত সময়ের একদিন আগেই এতে সই হওয়ার কথা জানাল দুই দেশ।