সুনামগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের বিশাল শোভাযাত্রা
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করতে সুনামগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ভক্তরা।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। তীব্র গরম উপেক্ষা করে তারা স্লোগান, গান ও নাচের মাধ্যমে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় উপস্থিত যুবদল নেতা সামরুল ইসলাম বলেন, ‘আর্জেন্টিনা শৈল্পিক ও নান্দনিক ফুটবলের দেশ। মেসি ও ম্যারাডোনার মতো কিংবদন্তিদের কারণে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা দলটির প্রতি বিশেষভাবে আকৃষ্ট। বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার বিষয়েও আর্জেন্টিনা অবগত।’
তিনি আরো বলেন, ‘আসন্ন বিশ্বকাপেও আর্জেন্টিনা ভালো করবে বলে আমরা আশাবাদী। দলটি বিশ্ব ফুটবলে আবারও নান্দনিক খেলা উপহার দেবে।’
শোভাযাত্রা শেষে ভক্তরা আর্জেন্টিনা দলের সাফল্য কামনা করেন এবং প্রিয় দলের প্রতি তাদের অকৃত্রিম সমর্থনের কথা জানান।