রাস্তা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, নিহত-২
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দুই দফা সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আদিত্যপুর গ্রামের সেলু মিয়া (৫৩) ও হেলাল মিয়া (৩৭)। রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুই গ্রামের মধ্যবর্তী একটি চলাচলের রাস্তা নিয়ে আদিত্যপুর গ্রামের মোসাহিদ মেম্বার এবং আরিচাপুর গ্রামের নাসির ও আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সোমবার দুপুর ১টার দিকে দুই গ্রামের ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় ডুবাঐ বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সেলু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহত হেলাল মিয়াকে রাত ১১টার দিকে ওই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, কবরস্থানের পাশের রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।