জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি (১৬) নামের এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৫টার দিকে পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ হোসেন রাহি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম থেকে জাফলংয়ে ঘুরতে আসে রাহি। বিকেলে নাজিমগড় নৌকাঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে সাঁতরে নদী পার হওয়ার সময় স্রোতের তীব্রতায় সে পানিতে তলিয়ে যায়।
এদিকে ঘটনার পরপরই ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ডুবুরিরা নদী থেকে রাহির মরদেহ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে আনা হয়েছে। পরবর্তীতে মরদেহ সুরতহালের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হবে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।