ভারতের বিপক্ষে জিতলে আলাদা ভালো লাগা কাজ করে
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ গতকাল মালদ্বীপের বিপক্ষে খেলেছে। কাল ম্যাচ খেলার পর আজ অনুশীলন ছিল না। ভারতের গোয়ায় সকালটা কেটেছে সমুদ্র সৈকতে। হালকা অনুশীলনের পর টিম হোটেলে ফিরে রিকভারি ও আইস বাথ নিয়েছেন মারিয়ারা।
রোববার ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচকে সামনে রেখে দলের কৌশল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার শামসুন্নাহার সিনিয়র। ভারতের বিপক্ষে ম্যাচটিকে ‘ফিফটি-ফিফটি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ইন্ডিয়া শক্তিশালী দল, আমরাও শক্তিশালী দল। মালদ্বীপের বিপক্ষে আমি বা তহুরা যেভাবে উঠে খেলেছি, ইন্ডিয়ার সঙ্গে হয়তো এতটা পারবো না। কারণ আমরাও চাপে থাকবো, তারাও চাপে থাকবে। ফিফটি-ফিফটি খেলা হবে। যারা সুযোগ পাবে, তারা সেটা কাজে লাগানোর চেষ্টা করবে।’
মালদ্বীপকে ১১-০ গোলে হারানো ভারতের আক্রমণভাগ নিয়ে সতর্ক বাংলাদেশ। এ বিষয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে খেলে আসছি, তাদের খেলার ধরন আমরা জানি। তারা বেশির ভাগ সময় উইং দিয়ে খেলে। আমরা চাইবো উইংগুলো ব্লক করতে। উইং থেকে বল না আসতে পারলে তাদের স্ট্রাইকাররা ফিনিশ করতে পারবে না।’
ভারতের বিপক্ষে জয়ের সুখানুভূতি নিয়ে বলেন, ‘ইন্ডিয়ার সঙ্গে জিতলে আমাদের এবং দেশবাসীর আলাদা একটা ভালোলাগা কাজ করে। সেই ক্ষেত্রে ভারতের বিপক্ষে জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, বাকিটা উপরওয়ালার ওপর।’
মালদ্বীপ বাংলাদেশের চেয়ে দুর্বল দল। সেই দল গতকাল খেলায় দুই গোলে পিছিয়ে পড়ার পর সমতা এনেছে। এ নিয়ে শামসুন্নাহার বলেন, ‘ডিফেন্স লাইনে একটু সমস্যা ছিল। প্রথম গোলটা ডিফেন্স লাইন ম্যান ধরে রাখলে হতো না। আর দ্বিতীয় গোলটা আমরা কাউন্টার অ্যাটাকে খেয়েছি। এগুলো নিয়ে আমরা ও কোচিং স্টাফরা কথা বলছি। আগামীকালের অনুশীলনে এগুলো নিয়ে কাজ করা হবে।