কোম্পানীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কিষান-কিষানিদের উদ্দেশ্যে করে সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুজ্জামান বলেন, এই কংগ্রেস থেকে আমরা বলতে পারি সিলেটের মানুষ আমরা অন্যের টা খাব না, নিজের টা নিজে খাব। নিজেদের খাবার নিজেরা উৎপাদন করব।
তিনি বলেন, সিলেটের মানুষ কৃষিতে আগ্রহী নয়। আবাদযোগ্য কিন্তু চাষ হচ্ছে না এমন জমি মূলত সিলেট অঞ্চলেই বেশি। এসব অনাবাদি জমিগুলো চাষাবাদের আওতায় নেয়া গেলে তা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে।
রোববার (১৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘পার্টনার কংগ্রেস’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তানভীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মনাফ, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মোহাম্মদ খোর্শেদ আলম প্রধান, ভেটেরিনারি সার্জন মাহমুদা ইয়াসমিন মুক্তা, ভোলাগঞ্জ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, তেলিখাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জুয়েল আহমদসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, খামারি, কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের লাভবান করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৭০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। পাশাপাশি একাধিক স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়।