কোম্পানীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলার একটি গ্রামে তৃতীয় শ্রেণি পড়ুয়া ৯ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।
অভিযুক্ত বিল্লাল মিয়া উপজেলার টুকেরগাঁও বউ বাজার এলাকার মৃত নুর মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর বাড়ি পাশে অভিযুক্ত বিল্লালের বোনের বাড়ি। এ সুবাধে মাঝে মধ্যে ভুক্তভোগীর বাড়িতে আসা যাওয়া করত বিল্লাল। মঙ্গলবার সকাল ১১টায় ভুক্তভোগী শিশুটির মা তাঁকে স্কুল গেইটে পৌঁছে দেয়। এরপর দুপুর ২টায় ভুক্তভোগী শিশুটির মা জানতে পারে তার মেয়েকে বিল্লাল স্কুল থেকে ডেকে নিয়ে গেছে। একপর্যায়ে বিল্লালের বোন জানায় তার ভাই শিশুটিকে তার ঘরে দরজা বন্ধ করে আটকে রেখেছে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে ভুক্তভোগীর মা বিল্লালের বাড়িতে ছুটে যান এবং সেখানে গিয়ে শিশুটি কান্নারত অবস্থায় উদ্ধার করেন।
শিশুটির মা ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী শিশুটি জানায়, সকাল সাড়ে ১১টায় স্কুল গেট থেকে সাইকেল চড়ানো ও মজা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিল্লাল তার বাড়িতে নিয়ে যায় শিশুটিকে। তারপর দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, এই ঘটনায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।