মঙ্গলবার , ০৫ মে ২০২৬
 মঙ্গলবার , ০৫ মে ২০২৬

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত চলাকালে হামলা

৪ জনের কারাদণ্ড
আইকন
স্টার সিলেট ডেস্ক:
০৪ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত চলাকালে হামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতু এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার মুখে পড়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়েছেন আনসার সদস্যরা।


রোববার সন্ধ্যায় উপজেলার কলাবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা।


স্থানীয় সূত্রে জানা গেছে, ধলাই সেতুর নিচে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন চলছিল। এরই পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।


প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানকারী দল নদীপথে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে বালুবোঝাই কয়েকটি ট্রাক্টর দেখতে পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী দল ট্রাক্টর জব্দের উদ্যোগ নিলে তাদের ওপর চড়াও হয় একটি সংঘবদ্ধ চক্র। এতে আহত হন উপজেলা প্রশাসনের গাড়িচালক নাসিম, স্বেচ্ছাসেবী মঈন উদ্দিন, তারেক, নাজিম ও আমান মিয়া। 


পরিস্থিতি বেগতিক দেখে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা আনসার সদস্যরা। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেন আনসার সদস্যরা।


পরে যাচাই-বাছাই শেষে চারজনকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একটি রাজনৈতিক সংগঠনের স্থানীয় তিন নেতা এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িত এক শ্রমিক রয়েছেন।


কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেছেন, ধলাই সেতুর স্থায়িত্ব রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।


কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র বলেছেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।