মৃত বোনের টাকা উদ্ধারে কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই!
ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা মাত্র ২০ হাজার টাকা তুলতে মৃত বোনের কঙ্কাল নিয়ে ম্যানেজারের কক্ষে হাজির হয়েছেন এক ব্যক্তি। ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলার ওড়িশা গ্রামীণ ব্যাংকের মালি পোসি শাখায় এই নজিরবিহীন ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
৫০ বছর বয়সী জিতু মুন্ডা জানান, গত ২৬ জানুয়ারি তাঁর বড় বোন কালরা মুন্ডা মারা যান। বোনের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ঋণী হয়ে পড়া জিতু সেই টাকা পরিশোধের জন্য বোনের অ্যাকাউন্টে থাকা গচ্ছিত টাকাগুলো তুলতে চেয়েছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে, কয়েক দফা ব্যাংকে যাওয়ার পরও কর্তৃপক্ষ তাঁর বোনকে সরাসরি উপস্থিত করার জন্য বারবার চাপ দিতে থাকে।
জিতু মুন্ডা সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি বারবার তাদের বলেছি যে আমার বোন মারা গেছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমার কথা কানে তোলেনি। তারা আমাকে বলে, টাকা পেতে হলে অ্যাকাউন্টধারীকে সরাসরি আসতে হবে। উপায় না দেখে শেষ পর্যন্ত মৃত্যুর প্রমাণ দিতে কবর খুঁড়ে বোনের কঙ্কাল বের করে ব্যাংকে নিয়ে এসেছি।”
পাটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইআইসি) কিরণ প্রসাদ সাহু জানান, জিতু একজন আদিবাসী এবং তিনি আইনি উত্তরাধিকারী বা নমিনির মতো জটিল বিষয়গুলো বোঝেন না। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি তাঁকে সহজভাবে বুঝিয়ে বলতে ব্যর্থ হয়েছে।
স্থানীয় ব্লক উন্নয়ন কর্মকর্তা (বিডিও) মানস দণ্ডপাট বিষয়টিতে হস্তক্ষেপ করে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, আজই তিনি ঘটনাটি জানতে পেরেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে জিতু মুন্ডাকে তাঁর পাওনা টাকা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সর্বশেষ খবর অনুযায়ী, পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় ব্যাংক থেকে টাকা তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে, পুলিশের উপস্থিতিতে কালরা মুন্ডার কঙ্কালটি পুনরায় কবরস্থানে যথাযথ মর্যাদায় দাফন করা হয়েছে। ব্যাংকিং খাতের এমন সংবেদনহীন আচরণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।