কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সভাপতির দায়িত্বে শাকিল
কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ-কোছাকের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন জুলাই আন্দোলনের অগ্রসৈনিক শাকিল ইসলাম। বর্তমান সভাপতি এহসানুল মাহবুব ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ২টায় সংগঠনের প্যাডে লিখিতভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
কোছাক সভাপতি এহসানুল মাহবুব ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে শাকিল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেন। দায়িত্বপ্রাপ্তির পর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন শাকিল ইসলাম।
শাকিল ইসলাম দায়িত্ব পাওয়ায় বৈছাআ ও কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে সংগঠনের সামাজিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম আরও বিস্তৃত হবে।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সোহেল রানা ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদ। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি উপজেলার অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাকালে ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের মানবিক ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। তরুণদের ইতিবাচক ভূমিকা সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, আর সেই ধারাবাহিকতাই এগিয়ে নিতে চায় কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ।