কোম্পানীগঞ্জে অর্ধকোটি টাকার মাদক জব্দ, আটক ২
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত মদ ও গাড়ির আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা।
মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নভাগী এলাকায় এসআই কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) ও মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা (৩৪)।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, মঙ্গলবার ভোররাতে ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে উপজেলার সীমান্ত এলাকায় থেকে বিপুল পরিমাণ মদ বোঝাই করে কালো রঙের একটি মাইক্রোবাসটি যাত্রা করবে। এমন খবরে ভিত্তিতে এসআই কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ১২২৫ বোতল ভারতীয় মদসহ চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।
তিনি বলেন, এই চক্রের বাকি সদস্যদের ধরতে তৎপরতা চালাচ্ছে পুলিশ।